চুয়েটে চলছে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
চুয়েটের ফাকা শ্রেণিকক্ষ। ছবি-সমকাল
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ১৪:১৯
প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাতে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন প্রকৌশল অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার সকালে চুয়েটের বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ গুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। আসেননি কোনো শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের ন্যায্য দাবি সমূহ মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহি আল ওয়াহিদ বলেন, বিগত ৬ মাসের অধিক সময় ধরে চলা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনের টনক নড়েনি। শেষে যখন কোনো পথ খোলা না পেয়ে আমাদের রাস্তায় নামতে হলো তখনও আমাদের উপর বিনা উস্কানিতে পুলিশ বর্বরোচিত হামলা করে আমাদের ভাইদের রক্তাক্ত করলো।এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা সাধারণ জনগণের ভোগান্তি কমাতে মাঠের কর্মসূচি আপাতত স্থগিত করে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচির রূপরেখা আজ বিকাল ৫ টায় ঢাকায় আইইবি থেকে ঘোষণা করা হবে। ঘোষণার আলোকে আমরা পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করবো।
- বিষয় :
- চুয়েট
