ভুলের বোঝা বইছে শহীদ আবু সাঈদের ‘স্ট্রিট মেমরি স্ট্যাম্প’
.
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৫৭
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমরি স্ট্যাম্পে’ থাকা জন্মতারিখসহ তথ্যগত নানা ভুল রয়েই গেছে। আজও ভুলের বোঝা বইছে সহপাঠীদের লাল কাপড়ে ঢেকে দেওয়া স্মারকটি।
গত ১৬ জুলাই শহীদ দিবসে উদ্বোধন করা হলেও সেখানে শহীদ আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমরি স্ট্যাম্পে’ জন্মতারিখসহ তথ্যগত নানা অসংগতি সামনে এসেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ১৮ জুলাই আবু সাঈদের সহযোদ্ধা বাংলা বিভাগের শিক্ষার্থী সমন্বয়ক শামসুর রহমান, আরমান হোসেন ও আবু সাঈদের বাল্যবন্ধু মাহিদ হাসান সেটি লাল কাপড় দিয়ে ঢেকে দেন। এরপর দেড় মাস পেরিয়ে গেছে। এখনও সংশোধন করা হয়নি স্ট্যাম্পটি।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শুভ শেখ বলেন, দেড় মাস কেটে গেলেও স্ট্রিট মেমরি স্ট্যাম্পটি এখনও অযত্নে পড়ে আছে। সংশোধনের অভাবে এটি গুরুত্ব হারাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গভীর হতাশা প্রকাশ করেছেন। আমাদের দাবি, স্মৃতিচিহ্নটি যেন দ্রুত সংস্কার করে সঠিক মর্যাদা দেওয়া হয়।
জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, জুলাইয়ের প্রথম শহীদ আমাদের আবু সাইদ ভাই। তাঁর স্মরণে গড়া মেমরি স্ট্যাম্প আজও ভুলের বোঝা বইছে। দেড় মাস কেটে গেলেও সংশোধনের ছোঁয়া পায়নি। তিনি বলেন, এ স্তম্ভ কেবল ইট-পাথরের গাঁথুনি নয়, এটা আমাদের ইতিহাস, রক্তের বিনিময়ে পাওয়া মর্যাদার প্রতীক। অবহেলায় ঢাকা পড়ে গেলে শহীদের ত্যাগ অমর থাকে না; বরং ক্ষতবিক্ষত হয়। শিক্ষার্থীরা এর অবহেলা এবং অযত্নে দেখতে চান না।
বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে করা হয়নি। এটি করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও এখানকার প্রশাসন। বিষয়টি তাদের জানানো হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে জেলা প্রশাসক রবিউল ফয়সালকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
- বিষয় :
- আবু সাঈদ
