১১ দিনেও খোলেনি বাকৃবি, শিক্ষার্থীদের মানববন্ধন
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে মানববন্ধন করে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৪২
বহিরাগতদের হামলায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার ১১ দিন পরও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি। ক্যাম্পাস খোলায় দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের হামলার বিচার ও দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে ‘আমাদের ক্যাম্পাস অনিরাপদ কেন; অবিলম্বে ক্যাম্পাস খুলে দাও; শিক্ষার্থীদের ৬ দফা মানতে হবে’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে প্রশাসনের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীরা বহিরাগতদের বিচার, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ক্লাস চালুর জন্য ছয় দফা দাবি উপস্থাপন করে। প্রশাসন সেদিন রাতের মধ্যেই এ বিষয়ে সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এখন পর্যন্ত শিক্ষার্থীদের কিছুই জানানো হয়নি।
শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘ ১১ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাদের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে শিক্ষা কার্যক্রমে সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। তাই তারা দ্রুত সিন্ডিকেট মিটিং ডেকে ছয় দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
