ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
×

রোকনুজ্জামান রনি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ০১:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০২:৫২

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন। রোববার রাত ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।

অভিযোগ রয়েছে, পুলিশের একজন সোর্সের নেতৃত্বে দুর্বৃত্তরা রনিকে ছুরিকাঘাত করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৮ জুলাই সন্ধ্যায় এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোবাহান তার সহযোগীদের নিয়ে রনির বাড়ির সামনে গিয়ে তাকে ফোনে ডেকে নেন। এরপর বাড়ির সামনেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত রনির বড় বোন শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে তার ভাইয়ের দুই বন্ধু বেড়াতে আসেন। তাদের সঙ্গে এলাকায় আড্ডা দেওয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিব নামে দুই যুবকের ঝগড়া হয়। এ নিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু পুলিশের সোর্স সোবাহান তার মতো করে বিচার করতে চান। কিন্তু রনি এতে মত না দেওয়ায় সোবাহান তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। এরই জের ধরে ১৮ জুলাই রনি ও তার ভাগিনাকে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় শারমিন আকতার রুমা ১৯ জুলাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×