বগুড়ায় আরও ৫০ জনের করোনা শনাক্ত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ০২:৩৮ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ০২:৪৪
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫২জন। তবে ওই সময়ের মধ্যে আর কেউ মারা যাননি। সোমবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর সকাল ১১টায় অনলাইনে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। ব্রিফিংয়ে তিনি ২৬ জুলাই করা ২২৩টি নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।
ব্রিফিংয়ে জানানো তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫৮ জন। মৃত্যু হয়েছে ১০০ জনের।
ব্রিফিংয়ে জানানো হয়, ২৬ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩২জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে জেলার ৩৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ১৮টি।
ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন আক্রান্তরা মোটামুটি সুস্থ রয়েছেন। তাদের আপাতত নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজনে তাদের হাসপাতালে যোগাযোগেরও পরামর্শ দেওয়া হয়েছে।
- বিষয় :
- বগুড়া
- করোনা শনাক্ত
- রাজশাহী
- বগুড়া