প্রতিমা বিসর্জন
সিলেটে সুরমার তীরে বিষাদের সুর
সিলেটের কিনব্রিজ এলাকার সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জন। (ছবি- ইউসুফ আলী)
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১৮:৩৩ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ১৮:৩৯
পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুরমা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বির্সজন দেওয়া হয়। সুরমার তীরজুড়ে ছিল বিষাদের সুর।
গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই বিকেল থেকে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে বিভিন্ন মন্দির, পাড়া ও মহল্লা থেকে শোভাযাত্রা নেওয়া হয় সুরমার তীরে। পরে নৌকায় নদীর মাঝখানে দেওয়া হয় বিসর্জন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আহ্বায়ক ও কল্যাণ ফ্রন্টের ট্রাস্ট্রি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মলয় লাল ধর, মুন্না ঘোষ, হিরন্ময় দেব, রনি পাল, বাপ্পি বড়ুয়া।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযায়ী, এ বছর সিলেট জেলা ও মহানগরে ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট নগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি পূজা হয়।
- বিষয় :
- দুর্গাপূজা
- শারদীয় দুর্গাপূজা
