ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চমেক হাসপাতালে তরুণীর লাশ রেখে উধাও ২ নারী, স্বজনের খোঁজে পুলিশ

চমেক হাসপাতালে তরুণীর লাশ রেখে উধাও ২ নারী, স্বজনের খোঁজে পুলিশ
×

ছবি: ফাইল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১৯:১৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক তরুণীর লাশ রেখে উধাও হয়ে গেছেন দুই নারী। আজ শনিবার সকালে দুই নারী ওই তরুণীকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে এসে রেখে চলে যান বলে জানিয়েছে পুলিশ। দুই নারীকে খুঁজছে পুলিশ। একইসঙ্গে ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন তারা। 

হাসপাতাল পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে দুই নারী আনুমানিক ২২ বছর বয়সী এক তরুণীকে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পর তারা তরুণীকে রেখে গা-ঢাকা দেন। চিকিৎসক তরুণীকে মৃত ঘোষণা করার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুই নারীকে খুঁজতে থাকে। কিন্তু তাদের কোনো সন্ধান মেলেনি। পরে বিষয়টি পুলিশ জানতে পারে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) নুরে আলম আশেক বলেন, ‘মৃত তরুণীর নাকে ফেনা দেখা গেছে, যা স্বাভাবিক মৃত্যু নয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।’ 

তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলেও বিকেল ৭টা পর্যন্ত কোনো স্বজনের খোঁজ মেলেনি বলে জানান তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, তরুণীর পরিচয় শনাক্তে কেউ তথ্য জানলে ০১৩২০০৫২২০৬ অথবা ০১৮৩০৭৩৬৯৭৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×