বিয়ের পরদিন সকালে আখ খেতে মিলল বরের লাশ
.
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০৫:৩৪
পারিবারিকভাবে হয় বিয়ে। ধুমধামে বরযাত্রী নিয়ে কনেকে আনা হয় বরের বাড়িতে। সব আনুষ্ঠানিকতা শেষে রাতে নবদম্পতিকে পাঠানো হয় বাসর ঘরে। তবে ভাগ্যের নির্মম পরিহাস- সকালেই আখ খেতের বেড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বরের মরদেহ পাওয়া যায়।
ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে ঘটে। শুক্রবার সকালে পিসনাইল গ্রামের মাঠে একটি আখ খেতের বেড়ার বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বরের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বরের নাম মো. জামাল ফকির (২৮)। তিনি পিসনাইল গ্রামের মো রজব ফকিরের ছেলে।
তবে বরের এই মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, জামাল গলায় গামছা পেচিয়ে আখ খেতের বেড়ার বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। আর স্থানীয়রা বলছেন, আখ খেতের বেড়ার বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করা অসম্ভব।
বরের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. লিটন ভূইয়ার মেয়ে রোকেয়া আক্তারকে (২৩) বিয়ে করেন জামাল ফকির। বিকেলে কনেকে নিয়ে বাড়িতে আসেন বর। রাতে নবদম্পতি বাসরঘরে শুয়ে ছিলেন।
শুক্রবার সকালে পিসনাইল গ্রামের মাঠে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে একটি আখক্ষেতের বেড়ার বাঁশের সঙ্গে গলায় গামছা পেচানো অবস্থায় বর জামালের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ নামিয়ে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, গলায় গামছা পেচানো অবস্থায় আখক্ষেতের বেড়ার বাঁশের যেভাবে মরদেহ ঝুলে ছিল, তাতে মনে হয় না সে আত্মহত্যা করেছে। কারণ বাঁশের আড়ার উচ্চতা ছিল মাত্র দুই থেকে আড়াই ফিট। সেখানে ঝুলে আত্মহত্যা করলে পা মাটিতে মিশে যাবে।
নিহতের স্ত্রী রোকেয়া বলেন, সকালে মানুষের চিৎকার শুনে দরজা খুলতে গেলে দেখি দরজার বাইরে শিকল লাগানো। পরে প্রতিবেশিরা দরজা খুলে দিলে দেখি আমার স্বামীর মরদেহ জমির মধ্যে পড়ে আছে।
নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক। সে কারও সঙ্গে কোনো শত্রুতা করেনি। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- সালথা
- লাশ উদ্ধার
