ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বগুড়ায় আরও ৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

বগুড়ায় আরও ৭৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ০৬:০৭

বগুড়ায় নতুন করে আরও ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩০৩টি নমুনা পরীক্ষায় মোট ৭৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ ছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ১৩৯ জন। তবে ৩০ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নতুন করে দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বেলা ১১টায় অনলাইনে করোনা পরিস্থিতি ব্রিফ করেন বগুড়ার সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। ব্রিফিংয়ে তিনি ৩০ জুলাই বগুড়ার দু’টি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৮১১জন করোনায় আক্রান্ত হলেন আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৩০জন। আর নতুন ২ জনসহ মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের।

জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, ৩০ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২টি নমুনায় ৬৪ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ২১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ১০টি।

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, নতুন করে আক্রান্ত ৭৪ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজন হলে তাদেরকে হাসপাতালে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন

×