প্রাক-বাংলা উৎসব ভাষা প্রতিযোগ
বাংলা নিয়ে উচ্ছ্বসিত চারশ শিশুর এক দিন
রাজবাড়ীতে শনিবার প্রাক্-বাংলা উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে খুদে শিক্ষার্থীরা সমকাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ০৭:১২
| প্রিন্ট সংস্করণ
বাংলা ভাষাকে ঘিরে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে প্রাক্-বাংলা উৎসব ভাষা প্রতিযোগিতা। রাজবাড়ী একাডেমির আয়োজনে গতকাল শনিবার দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় সাদা কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বিভিন্ন বিদ্যালয়ের চারশ শিক্ষার্থী বানান সংশোধন, বিরামচিহ্নের ব্যবহার, উপসর্গ ও অনুসর্গের ব্যবহার, অভিধান থেকে শব্দ বের করা, শ্রুতি লিখন, চিত্রাঙ্কন, বাগধারা দিয়ে শব্দ তৈরি, প্রকৃতি ও প্রত্যয়সহ ৬৫টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, রাজবাড়ী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, নাট্যকার ম. নিজাম, রাজবাড়ী একাডেমির সহসভাপতি কমল কান্তি সরকার ও মুহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন, নতুনের শান্তিনিবাসের সিইও মাসুদুল ইসলাম, কবি খোকন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সৌমিত্র শীল চন্দন।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা যেন অব্যাহত থাকে। বাংলা ভাষার যে সৌন্দর্য এবং বৈভব রয়েছে, এর সঙ্গে যেন সবাই পরিচিত হয়। রাজবাড়ী একাডেমি প্রতিবছর বৃহৎ পরিসরে বাংলা উৎসবের আয়োজন করে। আজকের আয়োজন তারই অংশ।
এর আগে দিব্য নৃত্যকলা একাডেমির শিল্পীরা উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।
উৎসবের দ্বিতীয় দিন আজ রোববার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা এবং রবীন্দ্রনাথের গীতি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশিত হবে।
- বিষয় :
- ছবি
