সিলেটে নতুন করে ১০৪ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২০ | ১১:৫৩
এক সপ্তাহ পর সিলেট বিভাগে আবারও একদিনে শতাধিক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার চার জেলা মিলে ১০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত ৭ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় অবশ্য কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
পুরো বিভাগে করোনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সিলেটে ৩ হাজার ৪৬৫ জন সুস্থ হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৬৭ জন।
শুক্রবার দুটি ল্যাব মিলে সিলেট জেলায় ৫০ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৪১ জন। সুনামগঞ্জে মোট আক্রান্ত এক হাজার ৫শ জন। এছাড়া হবিগঞ্জে এক হাজার ১৭৯ জন ও মৌলভীবাজারে ৯৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে চার জেলায় নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, হবিগঞ্জের ৮ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৭ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
অন্যদিকে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, এদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জের ২১ জন ও হবিগঞ্জের ১১ জন রয়েছেন।
- বিষয় :
- সিলেট
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব