ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রামীণ ব্যাংকের ধামরাই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

গ্রামীণ ব্যাংকের ধামরাই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
×

গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে বুধবার ভোরে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ছবি: সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ০৪:৪৫

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাজারের একটি ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালের ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনে।  

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক সুয়াপুর শাখার ম্যানেজার নিলুফা সুলতানা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। 

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ধামরাই উপজেলার গ্রামীণ ব্যাংকের বাকি শাখাগুলোতে নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

×