ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে মৃত্যু ১ আহত ২০, ট্রান্সফরমারে আগুন

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে মৃত্যু ১ আহত ২০, ট্রান্সফরমারে আগুন
×

ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লাগে

নরসিংদী ও পলাশ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ১৫:২৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ১৯:০৪

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতি হয়েছে। পলাশে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। মালিতা গ্রামের কাজম আলী (৭৫) নামের একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি মনির হোসেন। 

এছাড়া ভূমিকম্পের সময় দৌড়ে বাইরে বের হতে গিয়ে মাধবদী ও পলাশসহ জেলার বিভিন্ন জায়গায় দোকানের মালামাল মাথায় পড়ে আহত হয়েছেন ২০ জন। ঘোড়াশালে অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি অনেক দোকানে সাজানো মালামাল পড়ে বেশ ক্ষতি হয়েছে। এছাড়া জেলার অন্যান্য জায়গায়ও ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। অপর ট্রান্সফরমারগুলোর অধিকাংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঘোড়াশালসহ পলাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সহিদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি জুতার দোকানের মালামাল পড়ে গেছে, ভেঙে যায় আসবাবপত্র

ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আলম মিয়া বলেন, ‌‘আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ভূমিকম্প শুরু হলে সব কিছু পড়ে যায়। আসবাবপত্র ভেঙে গেছে। আমার প্রায় ৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।’ 

একই বাজারের মুদি দোকানদার আসলাম মিয়া বলেন, ‘আমার মুদি দোকানের কাচের মালামালগুলো ভেঙে গেছে। প্রথমে ভূমিকম্প বুঝতে পারিনি। মনে হয়েছে, কেউ হামলা করেছে। পরক্ষণেই বুঝতে পেরেছি, এটি ভূমিকম্প।’

ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, ‘আমাদের ৬ তলা ভবনের ৪ থেকে ৫ জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা ভয় পেয়েছে, আতঙ্কিত ছিল।’ 

এ ভবনের মালিক আমানউল্লাহ বলেন, ভূমিকম্পে আমার ভবনে কয়েক জায়গায় ফাটল হয়েছে। ভবনের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ ভয়ে দোকান খুলছে না।

নরসিংদী সদর উপজেলার গাবতলীতে ভবন থেকে ইট পড়ে দু’জন আহত হয়েছে। এলাকার বাসিন্দা সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নরসিংদী জেলা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এখানে রিখটার স্কেল নাই। তাই আমরা ভূমিকম্পের কম্পন মাপতে পারি না।’

আরও পড়ুন

×