ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু
×

কাপ্তাই হ্রদ। ফাইল ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ২০:২৫

রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াক উল্টে মো. ইফরাত উদ্দীন (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের স্বপ্নদ্বীপ আইল্যান্ড রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইফরাত উদ্দীন ঢাকার পুরোনো নাজিরা বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বন্ধুর সঙ্গে ইফরাত শনিবার সকালে রাঙামাটি পৌঁছান। তারা আগে থেকেই বুক করে রাখা স্বপ্নদ্বীপ আইল্যান্ড রিসোর্টে গিয়ে সকাল ৯টার দিকে কাপ্তাই হ্রদে কায়াকিং শুরু করেন। হঠাৎ ইফরাতের কায়াকটি উল্টে গেলে তিনি পানিতে তলিয়ে যান।

সূত্র জানায়, অন্য বন্ধুদের গায়ে লাইফ জ্যাকেট থাকলেও ইফরাতের তা ছিল না। খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিটের দলনেতা গিয়াস উদ্দিনের নেতৃত্বে আধাঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর মুরসিদুল ইসলাম জানিয়েছেন, মরদেহ তারা রাঙামাটির কোতোয়ালি থানায় হস্তান্তর করেছেন।

ওই থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরে আবেদন করেছেন মা-বাবা।

আরও পড়ুন

×