ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাঁস চুরির অভিযোগে মাথার চুল কেটে দিয়ে নাচানো হলো দুই তরুণকে

হাঁস চুরির অভিযোগে মাথার চুল কেটে দিয়ে নাচানো হলো দুই তরুণকে
×

অভিযুক্ত দুই তরুণ। ছবি: সংগৃহীত

সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদাতা

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ২১:০৭

চট্টগ্রামের সন্দ্বীপে হাঁস চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে নেওয়া ও গলায় সাউন্ডবক্স ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, গলায় ঝুলিয়ে দেওয়া সাউন্ডবক্সে বেজে উঠা গানের সুরে সুরে নাচতেও বাধ্য করা হয় তাদের। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয় সৃষ্টি হয়।

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে শনিবারের এ ঘটনার পরে স্থানীয়রা তাদের পুলিশের হাতে তুলে দেন। পরে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই তরুণকে আদালতে সোপর্দ করে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে দুই তরুণকে ঘিরে আছে বেশ কিছু লোকজন। তরুণদের একজনের মাথার কিছু অংশ ন্যাড়া করে দেওয়া হয়েছে, আরেকজনেরও মাথার চুলও কেনে নেওয়া হয়েছে। তাদের একজনের হাতে ধরিয়ে দেওয়া হয় সাদা-কালো রঙের রাজহাঁস। অন্যজনের গলায় ঝুলিয়ে দেওয়া হয় একটি সাউন্ডবক্স। সেই সাউন্ডবক্স গান বাজানো হচ্ছে। গানের সুরে নাচানো হচ্ছে সেই দুই তরুণকে।

স্থানীয়রা জানান, ওই তরুণেরা একটি বাড়ি থেকে দুটি হাঁস চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এসময় তাদের এলাকাবাসী ধরে ফেলেন। তাদেরকে প্রথমে মারধর করা হয়। এরপর তাদের চুল কেটে নাচতে বাধ্য করা হয়।

এলাকার বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা ফসিউল আলম জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁস চুরির ঘটনা ঘটছিল। শনিবার দুই তরুণকে চুরি করা হাঁসসহ লোকজন ধরে ফেলেন। পরে তাদেরকে পুলিশের দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে সন্দ্বীপ থানার ওসি জিয়াউল হক বলেন, হাঁস চুরির সময় দুই তরুণকে স্থানীয়রা ধরা ফেলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধরে থানায় নিয়ে আসে। এরপর তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×