হবিগঞ্জে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০৫:০৩
হবিগঞ্জের বানিয়াচঙ্গে ধলাই মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহত ধলাই মিয়া উপজেলার বলাকিপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। সোমবার বিকেল ৩টার দিকে বলাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বলেন, দুপুরে নিহত ধলাই মিয়া ও একই গ্রামের অনু মিয়ার পুত্র ইমন মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইমন মিয়া উত্তেজিত হয়ে ধলাই মিয়াকে গলাটিপে হত্যা করে। এ সময় স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শুনেছি একটি জাল বানানো কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। এছাড়াও পূর্বের কোনো ঘটনা এর সাথে জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস বলেন, আমরা স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ধলাই মিয়া মারা গেছেন। তবে কি কারণে এ ঘটনাটি ঘটেছে এখনও তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
- বিষয় :
- হবিগঞ্জ
- বানিয়াচঙ্গ
- হত্যা