ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রামীণ যুবসমাজকে প্রযুক্তি প্রশিক্ষণে ‘কম্পিউটার গাড়ি’

গ্রামীণ যুবসমাজকে প্রযুক্তি  প্রশিক্ষণে ‘কম্পিউটার গাড়ি’
×

আমতলীতে ভ্রাম্যমাণ গাড়িতে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সমকাল

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ০৭:৩৩

| প্রিন্ট সংস্করণ

যাত্রীবাহী বাসের মতোই দেখতে। এটি যাত্রী বহন করে না; বহন করে কম্পিউটার। এতে রয়েছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ। গ্রামের অনেকে এটিকে বাস না বলে ‘কম্পিউটার গাড়ি’ বলে ডাকে। যুবসমাজকে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হচ্ছে বাসটি। গাড়িতে বসে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে দেশের গ্রামীণ যুবসমাজ। বাসটি বর্তমানে বরগুনার আমতলী উপজেলা ভ্রমণ করছে। 

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক প্রকল্প-২ এর আওতায় জেলায় জেলায় চলছে এ প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার সকাল থেকে আমতলীতে শুরু হয়েছে এ কর্মসূচি। গ্রামীণ শিক্ষিত যুবসমাজের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগটি যুব উন্নয়ন অধিদপ্তরের।
সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, ভ্রাম্যমাণ গাড়িতে বসে একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কিছু নারী-পুরুষ। প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে একটি ল্যাপটপ। প্রশিক্ষক মো. ফারুক আহম্মেদ রিজবী তাদের কম্পিউটারের নানা মৌলিক বিষয় বোঝাচ্ছেন। শেখাচ্ছেন কীভাবে ইন্টারনেট চালাতে হয়। গাড়িতে বসে হাতে-কলমে কম্পিউটার বিষয়ে কাজ শিখতে পেরে 
দারুণ উৎফুল্ল প্রশিক্ষণ গ্রহণকারী তরুণ-তরুণীরা। 
প্রশিক্ষণ নিতে আসা হৃদয় চন্দ্র শীল ও মো. আব্দুল্লাহ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে তাদের খুব ভালো লাগছে। কম্পিউটার শিখে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন তারা। 

এর আগে সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরগুনার সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক, সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ।
এ বিষয়ে আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) কবির আহমেদ বলেন, বেকার যুবকদের এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তাদের আর বেকার থাকতে না হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব দূর করা সম্ভব হবে। এ লক্ষ্যে ভ্রাম্যমাণ গাড়িতে করে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে দক্ষ জনশক্তিতে পরিণত করা যাবে। 
 

আরও পড়ুন

×