পলাশে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মনি চক্রবর্তী
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ১১:৩৯ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ | ১৫:৩৬
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত মনি চক্রবর্তী পলাশের পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশের চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনি চক্রবর্তী প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপরাধীদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
- বিষয় :
- নরসিংদী
- কুপিয়ে হত্যা
- দুর্বৃত্ত
