হরিণাকুণ্ডুতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০২:৪৮ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ০২:৫২
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা উপসর্গ নিয়ে শরাফত হোসেন (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা।
মৃত ব্যক্তির ভাতিজা হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন জানান, তার চাচা ঈদের পরদিন থেকে জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. হানিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে রাত ৩টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি ঈদের পরদিন থেকে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় মৃতের পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলায় ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ২৮ জন।
ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, মৃত ব্যক্তির বাড়িসহ ওই এলাকার ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।