ওসি প্রদীপকে পরামর্শ দিয়ে 'অনুতপ্ত' আল্লাহ বকশ
মেজর (অব.) সিনহা- ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৮:৩৮ | আপডেট: ১১ আগস্ট ২০২০ | ০৮:৪০
কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের পর ভুয়া মামলা সাঁজাতে মোবাইল ফোনে ওসি প্রদীপকে আইনি পরামর্শ দেওয়া খুব খারাপ কাজ হয়েছে বলে মনে করছেন সাবেক এসপি আল্লাহ বকশের পরিবার। তাই নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার প্যাডে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নিজের কাজের বিষয়ে এ মন্তব্য করেন। আল্লাহ বকশ বর্তমানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গত ১ আগষ্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ এর সঙ্গে ফোনালাপের বিষয়টি প্রকাশ হওয়ার পর মিডিয়া ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আত্মীয় স্বজন-বন্ধু বান্ধবও ও এ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকে আমি খুব খারাপ কাজ করেছি বলে ধারণা করছেন। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরত পুলিশ অফিসাররা বিভিন্ন সময় পরামর্শ চেয়ে থাকেন। ওই দিনও ওসি প্রদীপ তার মতো করে ঘটনার বর্ণনা দিয়ে আইনি পরামর্শ চেয়েছিলেন।’
ওসি প্রদীপ আসল ঘটনা গোপন করেছিলেন উল্লেখ করে আল্লাহ বকশ বলেন, ‘ওই দিন ওসি প্রদীপ টেলিফোনে যা বলেছেন, তার পরিপ্রেক্ষিতেই পরামর্শ দেওয়া হয়েছিলো। মূলত প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিলো।’ এছাড়া আইনি পরামর্শ দেওয়ার সময় সেনাবাহীনি প্রসঙ্গে তার অবজ্ঞা নিয়ে উঠা আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আমার বাচনভঙ্গি বিকৃত হয় যা আমার অনিচ্ছাকৃত স্টিè অব টাং। এতে আমি অনুতপ্ত, মর্মাহত। আমার মাধ্যমে তাদের অবজ্ঞা করার প্রশ্নই আসে না। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, আল্লাহ বকশ চৌধুরী পুলিশ সুপার পদ থেকে ৬ বছর আগে অবসরে যাওয়ার পর চট্টগ্রামের খুলশী মুরগির খামার এলাকায় নিজস্ব ভবনে বসবাস করছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাগুনিয়া উপজেলা লালানগর ইউনিয়নে। তার ছোট ভাই খোদা বকশ বিএনপি সরকারের সময় পুলিশের আইজিপি ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছেন বলে জানা গেছে।
- বিষয় :
- মেজর (অব.) সিনহা
- কক্সবাজার