কমলগঞ্জে ১৫ দিন বন্ধ দলই চা বাগান
দলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৮:৫০
হঠাৎ করে পবিত্র ঈদুল আজহার আগে ২৭ জুলাই সন্ধ্যায় বন্ধ করা করে দেওয়া হয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা বাগান। পূর্ব ঘোষণা ছাড়াই কমলগঞ্জে অবস্থিত দলই চা বাগান আকস্মিকভাবে লকআউট ঘোষণা করে শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকরা খুবই অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় বাগান চালুর দাবিতে কমলগঞ্জসহ অন্যান্য উপজেলার চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন শ্রমিকরা।
ইতোমধ্যে কমলগঞ্জের ইউএনওর উদ্যোগে শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে তিন দফা বৈঠক হলেও ইতিবাচক কোনো ফল আসেনি। এদিকে চা বাগান চালুর দাবিতে কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে ও বিভিন্ন উপজেলার চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন চা শ্রমিকরা।
এ ব্যাপারে দলই টি কোম্পানির চেয়ারম্যান রাগীব আলী জানান, শ্রমিকদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য বাগান বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, দলই চা বাগান কোম্পানি চা বাগান ও শ্রমিকদের মজুরি বন্ধ রেখে শ্রমিকদের আর্থিক কষ্টে রাখতে চাচ্ছে। এ বিবেচনায় মতবিনিময় সভায় ২৩ চা বাগানের পঞ্চায়েত কমিটি একত্রে সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি থেকে ২০ টাকা করে প্রদান করবে।
এদিকে ১০ আগস্ট জেলা চা শ্রমিক সংঘ এক বিজ্ঞপ্তিতে শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষার্থে দলই চা বাগানের লিজ বাতিল করে বাংলাদেশ চা বোর্ডের অধীনে নিয়ে বাগান চালু করার দাবি জানায়। নেতৃবৃন্দ বলেন, এই বাগান চালু না করা হলে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হবে। দীর্ঘদিন এই অবস্থা অব্যাহত থাকলে এতে চা শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।