ঘুষ দিয়ে আসামি ছাড়াতে এসে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৮:৫৬
কুমিল্লায় ঘুষের বিনিময়ে আসামি ছাড়িয়ে নিতে গিয়ে যুবলীগ নেতাসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় এবং দুর্নীতি দমন কমিশনে পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব।
ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সোমবার রাতে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এলআর এপেক্স টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা, ১২ ক্যান বিয়ার ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তারা হলো নগরীর মৌলভীপাড়া এলাকার শহীদুজ্জামান সজীব, কাপ্তানবাজার এলাকার জুবায়েরুল হক ওরফে নিপু, বজ্রপুর এলাকার শাকিল বিন জলিল ও বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের আবুল হোসেন ভূঁইয়া। র্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে ছাড়িয়ে নিতে সোমবার রাতেই মহানগর যুবলীগ নেতা পরিচয়ে বোরহান মাহমুদ কামরুল নামে একজনসহ ছয়জন র্যাব কার্যালয়ে আসে। তারা র্যাবকে দুই লাখ টাকার বিনিময়ে ওই চার আসামিকে ছেড়ে দিতে অনুরোধ করে। এ সময় তাদেরও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বোরহান মাহমুদ কামরুল, নগরীর কাপ্তানবাজার এলাকার জহিরুল হক, মৌলভীপাড়া এলাকার ইফতেখারুল কবির, ফয়েজ আহমেদ ওরফে অপু, ছোটরা এলাকার নিয়ামুল হক ও সদর উপজেলার ইলাশপুর গ্রামের আমজাদ হোসেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, মাদকসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদক আইনে এবং ওই ছয়জনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার চেষ্টার অপরাধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে।