ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩

কুবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩
×

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৩:৪৩

কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সিএনজি চালক ও স্থানীয় এলাকাবাসী হামলা চালালে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে কোটবাড়ির চাঙ্গিনীতে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তেজিত শিক্ষার্থীরা কোটবাড়ি-কুমিল্লা সড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখেন। এসময় শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পরে পুলিশ সিএনজি চালককে আটক করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিশ্ববিদ্যালয় থেকে শহরের দিকে ছেড়ে যাওয়া নীলবাস কোটবাড়ির চাঙ্গিনী মোড়ে গেলে অপরদিক থেকে আসা একটি সিএনজি বাসটিকে জায়গা না দিয়ে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও বাসের সহকারী কথা বলতে গেলে সিএনজিচালক তর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় দোকানদার এরশাদ মিয়াসহ প্রায় সাতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ইংরেজি বিভাগের জাহিদ নহিম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তুষার ও বাসের সহকারী সাত্তার আহত হন। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মহসিন বলেন, ‘আমরা সিএনজি চালককে আটক করেছি। আগামী ১০ তারিখের মধ্যে সব হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামালউদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন

×