সালথায় বিষ পানে নববধূর আত্মহত্যা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০৪:৩৩
ফরিদপুরের সালথায় তানজিলা আক্তার (২০) নামের এক নববধূ বিষ পানে আত্মহত্যা করেছেন । মঙ্গলবার রাতে উপজেলার যদুনন্দী গ্রামে এ ঘটনা ঘটে। তানজিলা একই গ্রামের ছিদ্দিক ভূইয়ার কন্যা ।
স্থানীয়রা জানায়, ৬ -৭ মাস আগে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দুধকুড়া গ্রামের রুমান মোল্যার সাথে তানজিলা আক্তারের বিয়ে হয় । বিয়ের পর তৃতীয়বারে মতো তিনি স্বামীর সঙ্গে মঙ্গলবার সকালে বাবার বাড়ি যদুনন্দী গ্রামে বেড়াতে আসেন। রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘুমাতে যান। এরপরই ঘরে থাকা বিষাক্ত ওষুধ ফুরাডান খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তানজিলা। পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে তাকে মোকসেদপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বুধবার সকালে ঢাকা নেওয়া পথে তানজিলা মারা যান।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।