ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
×

হুজাইফা আফনান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১৮ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩০

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের (১২) দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

হুজাইফার জানাজায় উখিয়া-টেকনাফ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার শত শত মানুষ অংশ নেন।

গত ১১ জানুয়ারি মিয়ানমার সীমান্তের দিক থেকে আসা গুলিতে আহত হয় হুজাইফা। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দিনের মেয়ে। স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো হুজাইফা। গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর গত শনিবার সকালে তার মৃত্যু হয়। হুজাইফা রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার রাত সাড়ে ৩টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। 

জানাজা শেষে উপস্থিত সংসদ সদস্য প্রার্থীরা বলেন, সীমান্ত এলাকায় যেন আর কোনো নিরীহ প্রাণ ঝরে না পড়ে, সে জন্য সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি জোরদার করতে হবে। মিয়ানমারের গুলিতে শিশুর মৃত্যুকে তারা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জীবন ও নিরাপত্তা এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন

×