ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টঙ্গীতে কেন্দ্রে ভোটার কম, বাইরে সমর্থক বেশি

টঙ্গীতে কেন্দ্রে ভোটার কম, বাইরে সমর্থক বেশি
×

টঙ্গী পূর্ব থানার বর্ণমালা দত্তপাড়া এলাকার টঙ্গী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের সামনে সমর্থকদের ভিড়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৯

গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে কেন্দ্রের প্রধান ফটকের সামনে প্রার্থীদের সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। ভোট গ্রহণ শুরুর পর থেকে কেন্দ্রেগুলোর সামনে দলীয় ব্যাজ গলায় ঝুলিয়ে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান করতে দেখা যাচ্ছে।

বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার বর্ণমালা দত্তপাড়া এলাকার টঙ্গী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকক্ষে ভোটারদের উপস্থিতি কম। ভেতরে দীর্ঘ লাইন বা উল্লেখযোগ্য ভিড়ও নেই। তবে কেন্দ্রের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা ছোট ছোট দলে জটলা করে দাঁড়িয়ে আছেন।

শুধু এই কেন্দ্রে নয়, টঙ্গীর এরশাদ নগর এলাকার টিডিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, রওশন এরশাদ প্রাথমিক বিদ্যালয়, জাগরণী উচ্চ বিদ্যালয়, পাইলট স্কুল ও শফিউদ্দিন একাডেমিসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।

কেন্দ্র এলাকার আশপাশে সমর্থকদের কেউ কেউ ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, আবার কেউ পরিস্থিতি পর্যবেক্ষণে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর জোট সমর্থিত প্রার্থীর সমর্থকদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি।

এ বিষয়ে টঙ্গী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, কেন্দ্রের ৪০০ গজের ভেতরে অপ্রয়োজনীয়ভাবে অবস্থান করার সুযোগ নেই। কেউ নিয়ম ভঙ্গের চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এখন পর্যন্ত টঙ্গীর কোনো কেন্দ্র থেকে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই চলছে।
 

আরও পড়ুন

×