ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
×

পটিয়ায় একটি কেন্দ্রে নারী ভোটারদের ভিড়। ছবি : সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪৫

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক তুলনামূলক ফাঁকা থাকলেও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নারী-পুরুষসহ সব বয়সী ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি ও শৃঙ্খলা লক্ষ্য করা গেছে। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় এক হাজার ২০০ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সেখানে ধানের শীষ, মোমবাতি, দাঁড়িপাল্লাসহ প্রায় সব প্রার্থীর এজেন্ট উপস্থিত রয়েছেন। সকাল থেকেই প্রধান প্রার্থীদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে। ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এনামুল হক এনাম সকাল ৮টায় জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে এবং ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারছেন। 

অন্যদিকে মোমবাতি প্রতীকের ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু সকাল সাড়ে ৮টায় বরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। সাধারণ ভোটাররাও পরিবেশ নিয়ে খুশি। পটিয়া পৌর সদরের দক্ষিণঘাটা গ্রামের ভোটার হেলাল উদ্দিন ও সত্তরোর্ধ্ব বৃদ্ধ ফরিদুল আলম জানান, কোনো ঝামেলা ছাড়াই তারা শান্তিতে ভোট দিতে পেরেছেন।

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তারা ভোটারদের সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ ও নির্বিঘ্নে ভোট প্রদানে সহায়তা করছেন। বিশেষ করে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রে বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। পটিয়া উপজেলাজুড়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের কড়া নজরদারিতে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

চট্টগ্রাম-১২ আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটির ১১৩টি কেন্দ্রে মোট তিন লাখ ৫২ হাজার ৬৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮১ হাজার ৪১৬ জন, নারী ভোটার এক লাখ ৬৮ হাজার ৮০ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে।
 

আরও পড়ুন

×