সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে সাড়ে ৪ ঘণ্টায় ভোট ১৯ শতাংশ
আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৫৯
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১৯ শতাংশ। কেন্দ্রটিতে ৫ হাজার ১৯৬ জন ভোটার রয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৯৮৪ জন। কেন্দ্রটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় ভোটার উপস্থিতি নিয়ে সকাল থেকেই নজর ছিল প্রার্থীদের।
কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের ছোট ছোট জটলা দেখা গেছে। তবে ভোটকক্ষের ভেতরে ৯টি বুথে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা হাসান মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘ভোটাররা আসছেন, ভোট দিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছেন। কোনো ঝামেলা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করছি।’
এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৮৫ বছর বয়সী নরেশ চন্দ্র ধর। তিনি জানান, ‘স্বাধীনতার আগে প্রথম ভোট দেন। স্বাধীনতার পরও সব নির্বাচনে অংশ নিয়েছেন। এবারও ভোট দিয়ে ভালো লেগেছে বলে জানান তিনি।’
চট্টগ্রাম-৯ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। স্থানীয় ভোটারদের মতে, বিএনপির আবু সুফিয়ান ও জামায়াতের একেএম ফজলুল হকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৫৩৮ জন। ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
