শিল্পকারখানা চলবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: এনামুল হক এনাম
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:২৬
শিল্পকারখানা চলবে, কর্মসংস্থান হবে—কিন্তু পরিবেশের ক্ষতি করে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। জনগণের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম।
সোমবার সকালে তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে অবস্থিত ফুলকলি ফ্যাক্টরি পরিদর্শনকালে এসব কথা বলেন। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত সার্জেন্ট মহি আলম খাল ঘিরে স্থানীয়ভাবে যে দুর্গন্ধের অভিযোগ রয়েছে, তা পর্যালোচনা করতেই তার এ পরিদর্শন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা।
পরিদর্শনকালে এমপি এনাম কারখানার বর্জ্য পরিশোধন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। কারখানার ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর ২০১৭ সালেই ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করা হয়। পর্যায়ক্রমে উৎপাদন ও ধোয়ামোছার সব ধরনের বর্জ্য পানি ইটিপির আওতায় আনা হয়েছে। বর্তমানে পরিশোধিত পানি মানদণ্ড মেনে নিঃসরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, দুর্গন্ধ নিয়ন্ত্রণে আধুনিক এয়ার পিউরিফিকেশন সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে এবং আগামী এপ্রিলের মধ্যে স্থায়ী সমাধান কার্যকর হবে।
এমপি এনাম কারখানা কর্তৃপক্ষকে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত তদারকি জোরদারের নির্দেশ দেন, যাতে শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে সমন্বয় বজায় থাকে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশগত মান বজায় রাখার বিষয়টি পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পটিয়া
