চট্টগ্রাম মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১০:০০
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের বদলির আদেশ প্রত্যাহার ও তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। পরে সমাবেশের আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কর্মসূচিতে সমর্থন জানিয়ে কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতারা উপস্থিত হন।
তবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এমন কর্মসূচি না চালানোর জন্য আন্দোলনকারীদের নিষেধ করা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন অধ্যক্ষ।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. শামীম হাসানকে নিয়োগ দেওয়া হয়। আর বর্তমান অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
সমাবেশে সাধারণ শিক্ষার্থী, চমেক ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতারা বলেন, ১০
বছর ধরে যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজকে সুন্দরভাবে পরিচালনা করছেন, তাকে
কেন সরিয়ে দিতে হবে? দেশের অনেক প্রতিষ্ঠানে যখন প্রতিষ্ঠানপ্রধানকে সরানোর
আন্দোলন চলছে, সেখানে চমেকের মতো প্রতিষ্ঠানপ্রধানকে বদলির আদেশ
প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সংশ্নিষ্টদের এটি আমলে
নেওয়া উচিত।
এ বিষয়ে অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর সমকালকে বলেন, সরকারের আদেশের বাইরে কিছু করা কখনও উচিত নয়। শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করেছে, তা সঠিক নয়। তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যেতে বলেছি।
বুধবার সকাল ১০টা থেকে কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রথমে
প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে সরে কলেজের প্রধান
প্রবেশপথে অবস্থান নেন।