ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

পাঁচ বছরে ১০ অগ্নিকাণ্ড, তবু ফায়ার স্টেশন নেই কুয়াকাটায়

পাঁচ বছরে ১০ অগ্নিকাণ্ড, তবু ফায়ার স্টেশন নেই কুয়াকাটায়
×

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান থেকে মালপত্র কুড়িয়ে নিচ্ছেন এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার দুপুরে কুয়াকাটার সী কুইন মার্কেটে সমকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৫

| প্রিন্ট সংস্করণ

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় গত পাঁচ বছরে অন্তত ১০টি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অর্ধশতাধিক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন। অনেকেই ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদের অনেকেরই পথে বসার উপক্রম হয়েছে। সবশেষ গতকাল শুক্রবার সকালে কুয়াকাটা সি-কুইন মার্কেটে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় অবিলম্বে কুয়াকাটায় ফায়ার সার্ভিস স্টেশন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে কুয়াকাটা চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ক্ষতিপূরণ প্রদান, সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ পরিকল্পিত অবকাঠামো নির্মাণের দাবি জানানো হয়।

মানববন্ধনে কলাপাড়া উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মঈনুল ইসলাম মান্নান বলেন, কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কিন্তু অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেই। এখানে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও নিরাপত্তা জোরদার করা জরুরি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সি-কুইন মাঠ-সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে আগুন লাগে। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানদার আলমাস বলেন, সব পুঁজি দিয়ে দোকান গড়েছিলাম। মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, কুয়াকাটা পর্যটনকেন্দ্র হলেও এখানে স্থায়ী ফায়ার সার্ভিস নেই, হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই। একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে এ ধরনের অব্যবস্থা অত্যন্ত দুঃখজনক।
কলাপাড়া ফায়ার স্টেশন অফিসার আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্টুরেন্টে রান্নার সময় অসতর্কতা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন

×