ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুলি করে হত্যার হুমকি

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে দুই নেতার জামিন

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে দুই নেতার জামিন
×

রংপুর অফিস

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

রংপুরে কারাবন্দি যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলচেষ্টা এবং পরিবারসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই জামিন পেয়েছেন দুই আসামি। মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাশেদ হোসাইন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন–রংপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন। এর আগে সোমবার রাতে র‍্যাব-১৩ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হয়েছিলেন।

সোমবার রাতে কেবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাবরক্ষক মো. রাসেল বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় গালিব ও সদ্য বহিষ্কৃত জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের লাইন কেটে দিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করেছে। এছাড়া রোববার বিকেলে গালিব ও মনু তাদের অনুসারীদের নিয়ে অফিসে ঢুকে ল্যাপটপ-কম্পিউটার ভাঙচুর করেন এবং গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেন। এ সময় মনু প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ফোনে হুমকি দিয়ে বলেন, ‘আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’

হামলা ও হুমকির সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কেন্দ্রীয় যুবদল নড়েচড়ে বসে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে রোববার রাতেই অভিযুক্ত মনু ও গালিবকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিল কেন্দ্রীয় যুবদল। 
তবে মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তারের পরপরই জামিন পাওয়ায় স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 

আরও পড়ুন

×