ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত

রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত
×

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০০:০০

রাজশাহীর মোহনপুরে সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী‎ নিহত হয়েছেন।

‎শনিবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা ধাওয়া দিলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যান।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিল। এতে স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উভয়পক্ষই নিজেদের পছন্দের লোক নিয়োগ করতে চাওয়ায় তর্কবিতর্ক ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন দলের উপজেলা আমির আব্দুল আওয়াল।

এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করে রাখেন। এ ছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আলাউদ্দীন আলো ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করার চেষ্টা করলে জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে তিনি পালিয়ে যান।

মোহনপুর জামায়াতের উপজেলা আমির আব্দুল আওয়াল বলেন, বিএনপির নেতাকর্মীরা হামলা করে আমাদের এক কর্মীকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

মোহনপুর পৌর বিএনপির নেতা আলাউদ্দীন আলো বলেন, গ্রামের দুপক্ষের হাতাহাতির সময় একজন মারা গেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

কেন্দ্রীয় বিএনপি নেতা ও রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলনকে ফোন করা হলে তিনি ধরেননি। 

মোহনপুর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। লাশ ময়নাতদন্ত করা হবে। সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×