দুই মাসের বেতন বকেয়া মহাসড়ক অবরোধ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত ভুঁইয়া ফেব্রিকস লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, ওই কারখানায় চার শতাধিক শ্রমিক কাজ করেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া থাকলেও মালিকপক্ষ দীর্ঘদিন ধরে তা পরিশোধে টালবাহানা করছে। এরই মধ্যে সামনে ঈদ থাকায় বোনাস পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। গতকাল সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ১৮ মার্চ দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা
মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনার পর মালিকপক্ষ আজ বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে ফিরে যান। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন কবির আহমেদ বলেন, মালিকপক্ষ শ্রমিকদের বেতন ও বোনাস দ্রুত পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে সড়ক অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিল্প মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
ঈদ উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠান মালিকদের সঙ্গে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় ছিলেন নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ইসলাম, রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন খান, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় ঈদুল ফিতর সামনে রেখে শ্রমিকদের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাস নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিল্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শ্রমিক অসন্তোষ এড়াতে মালিকপক্ষকে শ্রমিকবান্ধব আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে শ্রমিকদের পাওনা বেতন-ভাতা ও বোনাস যথাসময়ে পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় তদারকি অব্যাহত রাখবে।
এ সময় শিল্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করা হবে।
- বিষয় :
- বেতন
