ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে তালা গাছতলায় ক্লাস
রৌমারীর দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ী ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে তালা দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী সমকাল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তালা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘ এক মাস ধরে বিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিয়োগ-সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, জমিদাতার পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়ায় গত ৫ মার্চ থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাসুদ রানা ও সোহেল রানার পরিবার থেকে কাঙ্ক্ষিত নিয়োগ না পাওয়ায় তারা এই চরম পথ বেছে নিয়েছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু বলেন, ‘২০১৯ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ২০০-এর অধিক শিক্ষার্থী রয়েছে। তালাবদ্ধ থাকায় এক মাস ধরে বাচ্চারা আমগাছ, জামগাছতলায় কিংবা মানুষের বাড়িতে ক্লাস করছে। চরাঞ্চলে বিকল্প কোনো বিদ্যালয় না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত।’ তিনি আরও জানান, অভিযুক্তরা শর্ত দিয়েছেন যে তাদের নিয়োগ দিলেই কেবল তালা খোলা হবে।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সোহেল রানা দায় অস্বীকার করে বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার আগেই তালা দিয়েছিলেন। আমি এ বিষয়ে কিছু জানি না।’
মানববন্ধনে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশী ও ষষ্ঠ শ্রেণির লিটন মিয়াসহ অন্যান্য শিক্ষার্থী তাদের প্রিয় বিদ্যালয়ে ফিরে যাওয়ার আকুতি জানায়। অভিভাবক এম এ সালাম সরকার ও আলতাফ হোসেন মাদো ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত স্বার্থে একটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে কথা বলার জন্য রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
- বিষয় :
- মানবন্ধন
