দুই সাংবাদিককে হাতকড়া পরানো এসিল্যান্ড প্রত্যাহার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ০৯:২৮
| প্রিন্ট সংস্করণ
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে হেনস্তা করা কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার অফিসে সংযুক্ত হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তা ফয়সাল আল নূরকে সহকারী কমিশনার (ভূমি) থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে ফোন করা হলেও কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, সাংবাদিক হেনস্তার বিষয়টি তিনি দেরিতে জেনেছিলেন, তাই অনেক দূর গড়িয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসিল্যান্ড তাঁর দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন।
গত বুধবার দুপুরে চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নূরের অফিসে সাংবাদিক রাসেল সরকার এবং আব্দুল আলীমের সঙ্গে খারাপ আচরণ করা হয়। এসময় তারা ভিডিও করতে গেলে পুলিশ দিয়ে আটক করিয়ে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর নির্দেশ দেন এসিল্যান্ড ফয়সাল। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান দুই সাংবাদিক।
- বিষয় :
- প্রত্যাহার
