ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার সম্পর্ক নেই: আইনমন্ত্রী 

জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার সম্পর্ক নেই: আইনমন্ত্রী 
×

শৈলকুপায় খালখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি-সংগৃহীত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০১:৪০

জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই সনদ কার্যকর করবে এই সংসদ। এটা কীভাবে কার্যকর হবে সেটা জুলাই সনদের মধ্যে সুস্পষ্ট বলা আছে। সুতরাং জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা আমরা সংসদে সুস্পষ্টভাবে বলেছি। 

গতকাল শনিবার ঝিনাইদহের শৈলকুপার ৮ নম্বর ধরহরাচন্দ্র ইউনিয়নের ধলহরাচন্দ্র গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

আইনমন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদকে হৃদয়ে ধারণ করে, চেতনায় ধারণ করে। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ এ দেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের আখরে লিখিত। জুলাই সনদ এ দেশের আপামর জনসাধারণের মুক্তির সনদ। জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। আর এ জুলাই সনদে সুস্পষ্টভাবে লিখিত আছে, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে। সুতরাং যারা বলছে, গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে এটা বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট। 

’৭২-এর সংবিধানে লাখো শহীদের রক্তের ঋণ আছে মন্তব্য করে মো. আসাদুজ্জামান বলেন, যারা বক্তব্য দেন ৭২-এর সংবিধান মানি না, আমরা বলি ৭২-এর সংবিধান জুলাই সনদের অংশ। আবার জুলাইও ৭২-এর সংবিধানের অপেক্ষায় আছে। ৭২-এর সংবিধানের মধ্যে আমাদের দেশের লাখো শহীদের রক্তের ঋণ আছে। আমার দেশের লাখো মা-বোনের সম্ভ্রমের ঋণ আছে। 

তিনি বলেন, বিগত ৫৫ বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আইনের শাসনের জন্য সংগ্রাম করেছেন, ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছেন– এই সংবিধানের মধ্যে তাদের ঋণ আছে। ঠিক একইভাবে যাদের রক্তের বিনিময়ে জুলাই সনদ এসেছে, সেই রক্তের আখরে লেখা জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। 

বিরোধী দলকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, আমরা সংসদে সব স্পষ্ট করেছি, কোনো কিছুই বাতিল করছি না। এগুলো যাচাই-বাছাই কমিটির মাধ্যমে আবার সংসদে উত্থাপিত হবে। আসেন ডিবেট করি। কোনটা আইনে পরিণত করা হবে কি হবে না সেটার ওপর ডিবেট করি। 

আরও পড়ুন

×