প্রত্ন প্রদর্শনী ও ঐতিহ্য উৎসবে ক্যাম্পাসে ঐতিহ্যের ছোঁয়া
বেরোবি শিক্ষার্থীদের উপস্থাপিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার মডেল সমকাল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী প্রত্ন প্রদর্শনী ও ঐতিহ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।
সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়া।
প্রদর্শনীতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর প্রতিকৃতি ও ইতিহাস তুলে ধরা হয়। এর মধ্যে বিশেষভাবে স্থান পেয়েছে বাংলার প্রাচীন রাজধানী গৌড় নগরী, দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীর মন্দির, পাহাড়পুরের সোমপুর বিহার এবং নাটোরের বিখ্যাত কুসুম্বা মসজিদ। স্থাপনার পাশাপাশি বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের প্রদর্শনীও ছিল নজরকাড়া।
বিভাগের শিক্ষার্থী আশমীরা আলম প্রান্ত তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমরা প্রত্নতত্ত্বের শিক্ষার্থী হিসেবে চাই আমাদের গৌরবান্বিত ইতিহাস শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকুক। এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের প্রত্নসম্পদ সম্পর্কে জানানো এবং এগুলো রক্ষণাবেক্ষণে সচেতন করা।
আয়োজনের নেতৃত্বে থাকা ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, ‘শ্রেণিকক্ষের পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না থেকে আমাদের ইতিহাস-ঐতিহ্যের বাস্তব জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উৎসব। এখানে ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি এ অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক তুলে ধরা হয়েছে, যা পুরো দেশের প্রতিচ্ছবি।’
- বিষয় :
- প্রদর্শনী
