সীতাকুণ্ডে আবুল খায়েরের কারখানায় আবারও ডাকাতি
সীতাকুণ্ডে আবুল খায়েরের স্টিল কারখানায় ডাকাতির পর আটক তিনজন। ছবি: সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৮:৫০
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের কারখানায় আবারও ডাকাতি হয়েছে। সোমবার ভোরে উপজেলার শীতলপুরে অবস্থিত কারখানায় এই ঘটনা ঘটে। এ নিয়ে দেড় বছরে কারখানাটিতে অষ্টমবারের মতো ডাকাতির ঘটনা ঘটলো।
কারখানা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০-২৫ জন সশস্ত্র ডাকাত সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কারখানার পূর্বপাশ দিয়ে অতর্কিতে হামলা চালায়। তারা তামা, মোটর, বৈদ্যুতিক কেবলসহ মূল্যবান মালপত্র লুটে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা তাদের বাধা দিলে ডাকাতের হামলা চালায়।
আত্মরক্ষার্থে আনসার সদস্যরাও চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে ছত্রভঙ্গ হয়ে যায় ডাকাতেরা। তখন আনসার সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। অন্যরা মালপত্র নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন– সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার জাবেদ (২৭), শরিফুর রহমান (২৮) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার বন্তাবাড়ি এলাকার রাসেল (২৯)।
কারাখানার কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ঘটনা নিয়ে দেড় বছরে এই কারখানায় আট দফায় ডাকাতি হয়েছে। এ ছাড়া মব সৃষ্টি করে তিন-চারবার লুটপাটও হয়েছে। থানায় পৃথক মামলা ও জিডি হলেও দুর্বৃত্তরা এখনও বেপরোয়া। সংঘবদ্ধ একটি চক্র কারখানার নানা কাজে বাধা সৃষ্টির চেষ্টা করছে।
সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল ওই কারখানায় হামলা করে লুটপাট চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির ও অঙ্গ সংগঠনের দুই নেতাসহ সাতজনকে ধরে পুলিশে দেন স্থানীয় লোকজন।
কারখানার ডিজিএম (এইচআর, অ্যাডমিন) ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আটক তিনজনের কাছ থেকে লুট হওয়া কিছু বৈদ্যুতিক কেবল, দেশিয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই কারখানার নিরাপত্তা দল ও আনসার সদস্যরা মিলে পুরো এলাকার নিরাপত্তা বাড়িয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় কারখানার পক্ষে একটি মামলা হয়েছে। আটক ডাকাতদের এতে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়। বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন। অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
