ঐক্য ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা: স্পিকার
ছবি: সমকাল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০০:০৭
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে গণসংবর্ধনা দিয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে। অন্যায় অবিচার, লুটপাট, সন্ত্রাস করলে কী হয়, ফল তো দেখছেন। ছয়বারের এমপিকে ঘর থেকে বের হতে দেয়নি। তিনি ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের উন্নয়নের পথকে সুগম করেছে।
দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, ‘দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করবেন না। জামায়াতে ইসলামী ভদ্র লোকের দল– সংসদে তারা খুব ভালো ব্যবহার করে। এক সময় আমাদেরই মিত্র দল ছিল। তাদের অনুরোধ করব, আপনারা আর বিএনপি মিলেমিশে চলবেন। যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, তারা যেন ঐক্য আর না ভাঙে। ঐক্য ভাঙলে, আবার ভারত থেকে চলে আসবে দাদারা। তারা এসে এদেশে আবার আগের মতো লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চাইবে। আমরা আর এ ধরনের বাংলাদেশ দেখতে চাই না– যেখানে মানুষ গুম হবে, মানুষ ভয়ে থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না। এ অবস্থার অবসান চাই।’
ক্ষমতাসীন দল বিএনপির দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে স্পিকার আরও বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে– এটা আওয়ামী লীগ না। আমরা সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করব না। আগামী দিনে স্থানীয় সরকার বা যে কোনো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা করব, যাতে আপনার সঠিকভাবে ভোট দিতে পারেন।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, উপজেলা বিএনপি নেতা হাসান মাকসুদুর রহমান, জাকির হোসন হাওলাদারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- স্পিকার
