ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুটপাতে বিকেল থেকে বসতে চান হকাররা

ফুটপাতে বিকেল থেকে বসতে চান হকাররা
×

পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করেন হকাররা সমকাল

 নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে উচ্ছেদের এক সপ্তাহের মধ্যেই ফের ফুটপাতে বসার দাবি জানিয়েছেন হকাররা। এ দাবিতে গতকাল সোমবার সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে তারা ৫ দফা দাবিতে প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে তারা পুনর্বাসন করার আগ পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে ফুটপাতে বসতে দেওয়া, পুনর্বাসনের আগ পর্যন্ত উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদকৃত হকারদের তালিকা তৈরি করে সুনির্দিষ্ট ও উপযুক্ত স্থান নির্ধারণ করে পুনর্বাসন করাসহ পাঁচ দফা দাবি জানান। 

নেতার ভোল পাল্টানোয় আলোচনা
মাত্র সাত দিন আগে যে নেতা ফুটপাত থেকে হকার উচ্ছেদের পক্ষে সমাবেশে অংশ নিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই তাঁকে দেখা গেল হকার উচ্ছেদের বিপক্ষে মিছিলের নেতৃত্বে। গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের রাতারাতি এমন ভোল পাল্টানোর বিষয়টি ব্যাপক আলোচনা তৈরি করেছে। এতে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ হকারদের উচ্ছেদের বিষয়ে দলটির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। 
১৩ এপ্রিল বিকেল থেকে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ শুরু হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের নেতারাও ছিলেন। তাদের মধ্যে ছিলেন অঞ্জন দাস। 
এক সপ্তাহের মাথায় গতকাল সোমবার উচ্ছেদের বিপক্ষে নারায়ণগঞ্জে শত শত হকার মিছিল বের করেন। এই মিছিলের একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন অঞ্জন দাস। ফেসবুকে নগরবাসী এ বিষয়ের ব্যাপক সমালোচনা করেন। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ লেখেন, ‘হকার উচ্ছেদ ও পুনর্বাসনে একই ব্যক্তিরা মাঠে। কেমনে কি?’ কামরুল ইসলাম নামের একজন গণসংহতির দুই নেতার নাম উল্লেখ করে বলেন, ‘তরিকুল সুজন বলে এক কথা, অঞ্জন বলে আরেক কথা।’ 
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল এ প্রসঙ্গে বলেন, নারায়ণগঞ্জের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করা বিষয়ে জোনায়েদ সাকির দলটির অবস্থান ও তাদের রাজনৈতিক সততা নিয়ে অঞ্জনের এই অবস্থানের কারণে প্রশ্ন তৈরি করেছে। সব সময় তাদের অবস্থান ঘোলাটে। 
জানতে চাইলে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, ওইদিন আমি শহরবাসীর দাবির সঙ্গে সংহতি জানাতে সেই সমাবেশে গিয়েছিলাম। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল ফুটপাত থেকে হকাররা উচ্ছেদ হলেও তাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না। তাই আজ (সোমবার) তাদের পুনর্বাসনের দাবিতে মিছিল করেছি।

আরও পড়ুন

×