ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
×

ছবি-সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৭:২৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১৭:৪৪

নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথকস্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের অজঘাতের ছেলে আবদুল মোতালিব (৫৫), খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের নেকবর খানের ছেলে মো. মোনায়েম খান ওরফে হালান মিয়া (৫৫) ও সিরাজগঞ্জের সদর উপজেলার মেচরা আকনা দিগিরচর গ্রামের আফিকুল মন্ডলের ছেলে মো. শুভ মন্ডল (৩৫)।

জানা গেছে, নেত্রকোনার জগন্নাথপুরের গোদারা (ফেরি) ঘাটে ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে প্রাণ হারান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আবদুল মোতালিব। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের মো. মোনায়েম খান ওরফে হালান মিয়া গ্রামের সামনে জাঙ্গালিয়া হাওরে ফসলী জমিতে কাজ করার সময় একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মারা যান। এ ছাড়া খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের গোপেশ চন্দ্র সরকারের বাড়ির সামনে হাওরে বোরে জমির ধান কাটার সময় দুপুর পৌনে দুইটার দিকে বজ্রপাতে সিরাজগঞ্জের মেচরা আকনা দিগিরচর গ্রামের কৃষি শ্রমিক মো. শুভ মন্ডল মারা যান। খবর পেয়ে উপজেলা প্রশাসন নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে খবর পাঠায়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, উপজেলার পৃথকস্থানে বজ্রপাতে তিনজন মারা গেছে। একজনের বাড়ি খালিয়াজুরীতে, অন্য একজনের বাগি ময়মনসিংহের ইশ্বরগঞ্জে ও অপরজনের বাড়ি সিরাজগঞ্জে। খালিয়াজুরীর যিনি মারা গেছেন তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। বাকী দুইজনকে তাদের এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সহায়তা করা হবে।

আরও পড়ুন

×