দরবার প্রধান শামীম হত্যায় দুজন গ্রেপ্তার: পুলিশ
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরের এই দরবারে ১১ এপ্রিল দুপুরে হামলা চালায় উত্তেজিত জনতা। ছবি: সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৮:৩৪
কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে হামলা ও দরবারের প্রধান আব্দুর রহমান শামীম হত্যাকাণ্ডের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ফিলিপনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দেশজুড়ে আলোচিত এই ঘটনায় প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তারের বিষয়টি সোমবার নিশ্চিত করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সামাজিক মাধ্যমে পুরোনো একটি ভিডিওর খণ্ডিত অংশ ছড়িয়ে আব্দুর রহমান শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলে ফিলিপনগরের একটি গোষ্ঠী। পরে ১১ এপ্রিল দুপুরে তাঁর দরবারে হামলা চালানো হয়। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। একপর্যায়ে তারা দরবার প্রধান আবদুর রহমান শামীমকে টেনেহিঁচড়ে সেখান থেকে বের করে হত্যা করে।
এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহত শামীমের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৮০-২০০ জনকে আসামি করা হয়। এই মামলায় রোববার রাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– পশ্চিম দক্ষিণ ফিলিপনগরের বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)।
ঘটনার দিন ধারণ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও পুলিশের তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের এক ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
