ছাত্রলীগের মিছিলের ভিডিও ছড়াল ফেসবুকে, গ্রেপ্তার ৩
কুমারখালী থানা চত্বরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিনজনসহ গ্রেপ্তার চার আসামি। বুধবার বিকেলে
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ২২:২১
কুষ্টিয়ার কুমারখালীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সন্দেহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন– কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান, মো. আলমগীরের ছেলে জুয়েল রানা ও শাহিনুরের ছেলে মো. শাওন। তারা সবাই ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে দাবি করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ফেসবুক আইডি থেকে মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ কর্মীদের একটি মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। ছাত্রলীগের মিছিলের ২৭ সেকেন্ডের এ ভিডিওটি স্থানীয়ভাবে ভাইরাল হয়। এরপর মিছিলে জড়িত থাকার সন্দেহে বুধবার সকালে তিনজনকে আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় এক বৈষম্যবিরোধী ছাত্রের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়। এ ঘটনার জেরে গতকাল বুধবার বেআইনিভাবে তিনজনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
ছাত্রলীগের মিছিলের ঘটনাটি অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে স্বীকার করেছেন। বর্তমানে কুমারখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- কুষ্টিয়া
- ছাত্রলীগ নেতা
- গ্রেপ্তার
