ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গৃহকর্ত্রীকে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট, অভিযোগ ধানকাটা শ্রমিকদের বিরুদ্ধে

গৃহকর্ত্রীকে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট, অভিযোগ ধানকাটা শ্রমিকদের বিরুদ্ধে
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৩:৫৬

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামের এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়ায় আনা চার শ্রমিকের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমিরন বেগম ওই এলাকার বাতেন মোল্লার স্ত্রী। রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ধান কাটার জন্য জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে চারজন উত্তরবঙ্গ থেকে আসা ধান কাটার শ্রমিক আনেন বাতেন মোল্লা। গত ৫ দিন ধরে তারা ধান কাটছিলেন। শনিবার সন্ধ্যায় সমিরন বেগমের মোবাইল চুরি করে একজন পালিয়ে যান। পরে সঙ্গে থাকা তিনজন মোবাইল চুরি করে নিয়ে যাওয়া শ্রমিককে চেনেন না বলে জানান। বাকি তিনজন খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বাকি তিনজন মিলে ঘুমিয়ে থাকা সমিরন বেগমের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। 

পরে শ্রমিকরা ঘরের সিন্দুক ভেঙে তার ভেতর থাকা নগদ ৭০ হাজার টাকা, ১ জোড়া কানের দুল লুট করে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। 

ওসি আতিকুর রহমান সমকালকে বলেন, সমিরন বেগম একজন বৃদ্ধ মানুষ। তিনি যে ঘরে থাকতেন, শ্রমিকদেরও সে ঘরে থাকতে দেওয়া হয়েছিল। ওই ঘরে নগদ ৭০ হাজার টাকা থাকার বিষয়টি টের পেয়ে পরিকল্পনা করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ঘাতকরা কোন জেলার, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা কিছু ক্লু পেয়েছি। 

অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন ওসি। 
 

আরও পড়ুন

×