জামিনে মুক্ত ছাত্রলীগ নেতার হাসপাতালে মৃত্যু
শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। ছবি: সংগৃহীত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৭:৫২ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৯:৫০
জামিনে কারামুক্তির ৭ দিনের মধ্যে মারা গেলেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। একই দিন ভোরে বুকে ব্যাথা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আব্দুল কুদ্দুস মোয়াজ (২৪) শেরপুর পৌর শহরের মীরগঞ্জ মহল্লার মাছ ব্যবসায়ী ফজু মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের নেতা ছিলেন। কলেজে প্রাণিবিদ্যা বিভাগে পড়তেন তিনি।
পরিবার জানায়, অন্তবর্তী সরকারের সময় ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আটক হয়ে মবের শিকার হন মোয়াজ। তখন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সাত মাসের বেশি সময় কারাগারে ছিলেন তিনি। গত ৩০ এপ্রিল তিনি শেরপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান।
বুধবার বাদ আসর শেরপুর পৌর শহরের বারাকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মোয়াজের মরদেহ দাফন হয়। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন বিভিন্ন দলের নেতাকর্মী ও কলেজের শিক্ষার্থীরা।
- বিষয় :
- শেরপুর
- ছাত্রলীগ নেতা
- মৃত্যু
