ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা লুটপাট

চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা লুটপাট
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। চাঁদা চেয়ে না পেয়ে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে এ লুটপাট চালায় বলে অভিযোগ করেছে পরিবারটি। এ সময় টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ ৪৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 
এ ঘটনায় গতকাল শুক্রবার স্থানীয় সন্ত্রাসী আব্দুল জলিলসহ অজ্ঞাত ১২-১৫ জনের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্ষতিগ্রস্ত মালয়েশিয়া প্রবাসী মহিউদ্দিনের বাড়ি উপজেলার চর গোয়ালদী কোনাপাড়া এলাকায়।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা আব্দুল জলিলের নেতৃতে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২-১৫ জনের একটি দল প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে হামলা করে। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে। পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে ১৫ ভরি স্বর্ণ, ৫ লাখ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন ও আইপ্যাডসহ প্রায় ৪৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 
ভুক্তভোগী জাকিয়া বেগমের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, চাপাতি ও ছুরি নিয়ে তাদের বাড়িতে হামলা করে। হামলাকারীরা ঘরের আলমারির চাবি জোরপূর্বক নিয়ে নগদ পাঁচ লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। 

পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালংকারও নিয়ে যায়। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে তারা।
জাকিয়া বেগমের অভিযোগ, তাঁর স্বামী মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিল। এ টাকা না দেওয়ার কারণে হামলা ও লুটপাট করে তারা। তিনি বলেন, লুটপাট শেষে চলে যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল ফোন নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় তারা। 
অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস দিয়েও সাড়া পাওয়া যায়নি।  
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×