বেশি দামে পেঁয়াজ বিক্রি: চট্টগ্রামে ছয়জনকে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:২৭
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে পাইকারি বাজারের পর এবার খুচরা বাজারে নজর দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকার সঙ্গে দামের অসামঞ্জস্যসহ নানা অপরাধের অভিযোগে বিক্রেতাকে জরিমানা করা হচ্ছে। বৃহস্পতিবার নগরের কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ছয় অসাধু বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহিদা ফাতেমা চৌধুরীসহ নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ছয় খুচরা বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ২ নম্বর গেট এলাকার মাবিয়া স্টোরকে ৫০ হাজার টাকা ও বহদ্দারহাটের হক মার্কেটের মা-বাবা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাজীর দেউড়ির ইলিয়াস স্টোর, ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স জালাল স্টোর ও কর্ণফুলী মার্কেটের মেসার্স মক্কা স্টোরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
