এমপির সহায়তায় এক্স-রে ফিল্ম সংকট নিরসনে
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের হাতে এক্স-রে ফিল্ম তুলে দিচ্ছেন এমপি নাসির- সমকাল
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৭:৫২
| প্রিন্ট সংস্করণ
মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর সার্বিক সহায়তায় অবশেষে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনে ব্যবহারযোগ্য ফিল্মের সংকট দূর হয়েছে। যার কারণে আবারও স্বাস্থ্য কপ্লেক্সটিতে এক্স-রে পরীক্ষা সেবা প্রদানের ক্ষেত্রে বাধা দূর হলো।
জানা যায়, জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ হাসপাতালের এক্স-রে মেশিনে ফিল্ম সংকটের বিষয়টি এমপি মিঠুর নজরে আনেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি তাৎক্ষণিক এক্স-রে ফিল্ম সরবরাহের ব্যবস্থা করেন। এতে এক্স-রে ফিল্ম সংকট দূর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্ম হস্তান্তর উপলক্ষে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সহসভাপতি ও গোয়াল বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সমছু মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এ সময় এমপি মিঠুর সহযোগিতার কথা উল্লেখ করেন। তাঁর প্রশংসা করে বলেন, হাসপাতালের এক্স-রে মেশিনের ফিল্ম সংকটের কারণে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছিল না। বিষয়টি জানার পর এমপি দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগের ফলে সাধারণ মানুষ আবারও নিরবচ্ছিন্নভাবে এক্স-রে সেবা গ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে এমপি মিঠু বলেন, ‘মানুষের পাশে থাকা এবং তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা আমার নৈতিক দায়িত্ব। একটি হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবা শুধু ফিল্ম সংকটের কারণে ব্যাহত হবে, এটি কোনোভাবেই কাম্য নয়। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে। কারণ চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।’
- বিষয় :
- এমপি
