পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি
দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২০:০৮ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১৭:৩৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
বুধবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।
অন্যদিকে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কমিয়ে আনতে অবস্থান কর্মসূচির পর ডিন কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৭ মে থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সব সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিয়মিত ক্লাস, ক্লাস টেস্টসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ মে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনে নামেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের একপর্যায়ে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের হামলায় কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কমাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।’
